নাটোরে মালবোঝাই ট্রাকের সঙ্গে গাছের ধাক্কা লেগে হেলপার মহন রাব্বী (১৮) নিহত হয়েছেন। আজ রোববার ভোরে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর সৈয়দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহন রাব্বী রাজশাহীর দূর্গাপুর দেলুয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবোঝাই একটি ট্রাক নাটোর সদর উপজেলার আহম্মদপুর সৈয়দ মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমরে মুচড়ে যায় ট্রাকটির সামনের অংশ।
মাহাবুর রহমান আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে চালকের হেলপার মহন রাব্বীর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।