বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলো—পোরশা উপজেলার নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও একই উপজেলার রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন সাকিল ও আব্দুল আলীম জোরপূর্বক ধর্ষণ করে। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ার পর পালিয়ে থাকা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আজ মঙ্গলবার ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানায়।