রাজশাহীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়ের অভিযোগ

আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী মহানগর বিএনপি নেতাদের বিরুদ্ধে। আজ রোববার সকালে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক নেতারা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। 

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা পদবঞ্চিত নেতারা রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন। এ সময় সেখানে সাবেক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অনুসারী সাধারণ কর্মীরাও। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এ সময় রাজশাহী মহানগর বিএনপিতে এখন ‘হাইব্রিডের বাম্পার ফলন’ হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক নেতারা বলেন, ‘রাজশাহীতে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। যেসব আওয়ামী সন্ত্রাসীর হাতে অতীতে বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদেরকেই এখন নগর বিএনপির কিছু নেতা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।’

বিএনপির বর্তমান নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোরও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।