চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ব্যক্তির গলায় বালুর বস্তা বাঁধা ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও তরতিপুর শ্মশানঘাটের মাঝামাঝি নদী মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
পুলিশ জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির গলায় প্লাস্টিকের বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
ওসি গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।