জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করেছে করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বর্ণের এ চালানটি জব্দ করে।
এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা। তিনি জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বার জব্দ করে। এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।