জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে সন্ধ্যায় শিশু দুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো–জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নাজমুল কাদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
অফিসার ইনচার্জ আরও জানান, বিকেলে শিশু দুটিকে ওই পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তারা মারা যায় বলে চিকিৎসক জানান। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।