জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে ১শ গজ উত্তরে এ দুর্ঘটনা হয়।
নিহত পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নির্মলি চন্দ্রের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি ষ্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর ঘোরাফেরা করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন পলাশ।’
সান্তাহার রেলওয়ে থানার ওসি আরও বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’