সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ভিডিও ভাইরাল, পুলিশ বলছে কোনো অভিযোগ নেই

সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে—এমন একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ বলছে, ডাকাতি বা ছিনতাইয়ের কোনো তথ্য বা অভিযোগ পুলিশের কাছে নেই। 

গতকাল শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি করা হচ্ছে—এমন একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মহাসড়কে একটি প্রাইভেট কারের সামনে পঞ্জাবি পরা একজনকে কেউ আঘাত করলে সে রাস্তায় পড়ে যায়। পরে আরেকজন শার্ট পরা ব্যক্তি ও পাঞ্জাবি পরা ব্যক্তি সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনকে হাত তুলে সহযোগিতা চাচ্ছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। পেছনের একটি গাড়ি থেকে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে এটি কোথায় হয়েছে বা কবে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। 

যমুনা সেতু পশ্চিমপার ও পূর্বপার মহাসড়কের চিত্র একই। ওই ভিডিওটিতে কোনোকিছু স্পষ্ট করা হয়নি। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকার দোকানদার বাবু হোসেন বলেন, ‘৫ আগস্টের পরবর্তী সময়ে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে সেতুর গোলচত্বর এলাকা পর্যন্ত বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ইদানীং এমন শোনা যায় না।’ 

তিনি আরও বলেন, ‘মহাসড়কে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মাঝে মাঝে ডাকাতির ঘটনা ঘটে বলে শুনতে পাই। তবে দুই-একদিনের মধ্যে এমন ঘটনা শুনিনি।’

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ডাকাতির কথা শুনেছি কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো ফোন আসেনি, অভিযোগও পাইনি। তারপরও আমরা খোঁজ নিচ্ছি। ভিডিওতে ডিভাইডার এলোমেলো দেখা যাচ্ছে। কিন্তু এখানকার সড়কের ডিভাইডার সব লাগানো। এমনও হতে পারে কেও পুরাতন ভিডিও ছেড়েছে। তারপরও আমরা বিষয়টি ভালো করে খোঁজ নিচ্ছি।’ 

এদিকে, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বলে জানিয়েছেন টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। তিনি বলেন, ‘মহাসড়কে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই গুজব ছড়ানো হয়েছে।’