নাটোরের লালপুরের চরাঞ্চলে ও স্থলভাগে রাতব্যাপী অভিযানে বিপুল দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত স্থলভাগে পুলিশের ১০টি টিম ও নৌপথে ১৪টি নৌকা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০০ সদস্য নিয়ে চলে এই অভিযান।
আজ রোববার বেলা ১১টার দিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে একটি ওয়ান শ্যুটার, একটি রিভলভার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু ও চাপাতি, দা-লোহার পাইপ উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুরের চরাঞ্চলে ও স্থলভাগে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহানকে জানানো হলে তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর নির্দেশের পর পুলিশ, র্যাব ও আর্মড পুলিশের যৌথ টিম গঠন করা হয়। এর পর একযোগে চরাঞ্চলে ও স্থলভাগে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার আরও জানান, অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রায় সকলের বিরুদ্ধেই হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর পর তাঁদের আদালতে পাঠানো হবে।