চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্ত্বনা বেগম এবং মো. মুরাদের স্ত্রী রিপা।
শাহীন আকন্দ ওসি বলেন, ‘ফকিরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুনের সঙ্গে তার আত্মীয় মো. চাঁদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। এরই জেরে বাড়ি সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সম্পা, সান্ত্বনা ও রিপা সামান্য আহত হন। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।