রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা ক্যান্টিনে খাওয়ার সময় কয়েকজন মুখোশধারী তাদের মারধর করে তুলে নিয়ে যায়। পরে আবারও তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন– রাবির ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের ছাত্র আল ফারাবী ও ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী। এদের মধ্যে আল ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবির মাদার বখশ হল শাখার নেতা ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন তিনি।
হামলার শিকার ফারাবী জানান, বুধবার রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে খাচ্ছিলেন তিনিসহ কয়েকজন। হঠাৎ মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন সেখানে গিয়ে ফারাবীকে খোঁজে। একপর্যায়ে তারা ফারাবী ও বখশীকে মারধর করে সেখান থেকে তুলে নিয়ে যায়। বাইরে নিয়ে গিয়ে আবার মারধর করে দুর্বৃত্তরা। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর এলাকার বেতার মাঠ এবং বখশীকে রাবির হবিবুর রহমান হলের সামনের থেকে উদ্ধার করা হয়। পরে ফারাবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস জানান, ফারাবী শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে। ফারাবীর শারিরক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরএমপি উপ-কমিশনার গাজীউর রহমান বলেন, এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।