নলকূপের গর্তে পড়া শিশু সাজিদ এখনও উদ্ধার হয়নি

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুটিকে উদ্ধারে চলছে অভিযান। বুধবার বেলা ১টার দিকে তানোরের পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে সাজিদ নামে ওই শিশুটি গভীর গর্তে পড়ে যায়।

খবর পেয়ে দুপুর ২টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পাশাপাশি পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ শুরু হয়।

ফায়ার সার্ভিস জানায়, এস্কেভেটর দিয়ে ওই গর্তের পাশে খনন করা হচ্ছে। এর মধ্যে গর্তটির পাশে প্রায় ৪০ ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। এর পর সুড়ঙ্গ তৈরি করে শিশুটিকে উদ্ধার চালানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

এর আগে, দুপুরে গর্তের ৩৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামিয়েও দেখা মেলেনি শিশুটির। 

এদিকে দীর্ঘক্ষণ শিশুটির সাড়া মিললেও রাত থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, স্থানীয় এক বাসিন্দা গভীর গর্ত খুঁড়েও পানি না পাওয়ায় মাটি চাপা দেয় গর্তটি। তবে বৃষ্টিতে গর্তের মুখ থেকে মাটি সরে যায়। গতকাল মায়ের সঙ্গে সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় গর্তে পড়ে যায় শিশুটি।