সরকারি হাসপাতালে নেই র‍্যাবিস টিকা, বাইরে চড়া দাম

বগুড়ার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে জলাতঙ্ক বা র‍্যাবিস ভাইরাস প্রতিরোধক পর্যাপ্ত টিকা পাচ্ছেন না রোগীরা। ফলে কুকুর বা বিড়ালের মত প্রাণীর কামড়ে আহতদের বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে টিকা। চিকিৎসকেরা বলছেন, জলাতঙ্কে মৃত্যুর হার শতভাগ হলেও, গত দেড় বছর ধরে টিকার সরকারি সরবরাহ প্রায় বন্ধ।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের র‍্যাবিস ভ্যাকসিন ইউনিটে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কিন্তু মিলছে না পর্যাপ্ত টিকা। জলাতঙ্ক প্রতিরোধের প্রধান হাতিয়ার এআরভি এবং আরআইজি ভ্যাকসিন দুটোরই এখন হাহাকার। ফলে বাধ্য হয়েই বাইরে থেকে চড়া দামে টিকা কিনছেন রোগীরা।

ভুক্তভোগীরা বলছেন, কুকুর বা বিড়াল কামড় দেওয়ার পর রোগীরা হাসপাতালে এসে টিকা পাচ্ছে না। ফলে চড়া দামে বাইরে থেকে টিকা কিনে সেই টিকা সেবন করছে সবাই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে বছরে প্রায় চার লাখ মানুষ জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন নেন। অথচ গত দেড় বছর ধরে সরকারিভাবে এআরভি সরবরাহ প্রায় বন্ধ। আর গত তিন মাস ধরে মিলছে না আরআইজি টিকাও। জীবন বাঁচাতে বাজার থেকে একেকটি আরআইজি কিনতে গুণতে হচ্ছে অন্তত ১ হাজার টাকা, আর এআরভির দাম ৫০০ টাকারও বেশি।

বগুড়া র‍্যাবিস ভ্যাকসিন ইউনিটের ইনচার্জ রোখশানা বলেন, ‘প্রায় চার মাস যাবৎ এখানে ভ্যাকসিন সাপ্লাই নেই। তবে ভিসি দেওয়ার জন্য আমরা চার রোগীকে একসঙ্গে রেখে একটি ভেইল থেকে একসঙ্গেই তাদের দেওয়া হয়। কিন্তু এটি ইনডিভিজুয়াল, যার যারটা তারই কিনতে হয়।’

বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই, আছে শুধু প্রতিরোধ। সঠিক সময়ে ভ্যাকসিন না নিলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। তাই আক্রান্ত প্রাণীর ধরণ বুঝে দ্রুত টিকা নিতে হবে।

মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাশেদুল ইসলাম রনি বলেন, যাদের বাসায় পোষা প্রাণী রয়েছে সেগুলোকে যদি আগে থেকে টিকা দেওয়া হয় সেগুলো যদি কাউকে কামড় দেয় সে ক্ষেত্রে টিকা দেওয়া লাগছে না। 

সরকারি হিসেবে ২০২৪ সালে জলাতঙ্কে ৫৬ জনের মৃত্যু হলেও, গত বছর এই সংখ্যা ছিল ৪০।