নাটোরের বড়াইগ্রামে স্কুলের সামনে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আব্দুর রহিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দিঘইর কুমিল্লাপাড়া গ্রামে জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে এবং জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিল রহিম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর চালক অটোভ্যানটি ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোভ্যানটি জব্দ করে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।