সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকে মিলল ৬ হাজার বোতল নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসা পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন পিরোজপুরের একটি পাথর ইয়ার্ডে (পাথর রাখার জায়গা) অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ডে পাথর খালাসের অপেক্ষায় থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় পাথরের ভেতরে লুকানো ২০ বস্তায় ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।