প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টার দিকে বগুড়ায় পৌঁছান তিনি।
সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন। বগুড়াকে আজ দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
এরআগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচিও রয়েছে আজ।
বেলা আড়াইটায় নিজের পৈতৃক ভিটায় যাবেন তারেক রহমান। বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সফর ঘিরে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ।