রাজশাহী থেকে ঢাকার বাস আজও বন্ধ 

দ্বিতীয় দিনের মতো বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার রাজশাহীর বিভিন্ন কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

যাত্রীরা অভিযোগ করেন, পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়। বিশেষ করে যাদের জরুরি কাজ রয়েছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

বাস মালিক সমিতির নেতারা জানান, রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যে দ্বন্দ্বের জেরেই হঠাৎ করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ এ সংকট নিরসন হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।