নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনের এক পর্যটককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের যৌথ অভিযানে পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে (চীনের বাসিন্দা) হেনস্তার অভিযোগ ওঠে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’র বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে পাহাড়পুর এলাকা থেকে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
গতরাতে বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে অভিযোগ করেন।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু বলেন, ‘‘একজন বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে আমি পুলিশ জানাই। পুলিশ ত্যাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিয়ে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে।’’
গত ১৯ মে বিদেশি পর্যটককে হেনস্তা করা হয় বলে জানান কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজু।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও গবেষক প্রতিনিয়ত আসেন। কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থীকে কেউ হেনস্তা, হয়রানি কিংবা বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।’
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান,অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটার ‘হিরো নানা’, তার সহযোগী এক নারী ও ক্যামেরাম্যানকে অভিযুক্ত করে থানায় মামলার প্রক্রিয়া চলছে।