নাটোরের নলডাঙ্গায় একটি বাড়ির দরজার সামনে কাফনের কাপড় সদৃশ কাপড়ের টুকরা ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। বুধবার সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর, আব্দুল বারিকসহ আরও অনেকেই বলেন, আজ সকালে আব্দুল গফুর তার বাড়ির সামনের দরজায় একটি কাফনের কাপড় সদৃশ্য কাপড় ও চিরকুট দেখতে পান। পরে সেই চিরকুট পড়েন তিনি। এরপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাটি তিনি পরিবারের অন্য সদস্যদের জানান। এরপর গ্রামের সবাই জেনে যায় ঘটনাটি।
মঙ্গলবার দিনগত রাতে কে বা কারা বাড়ির গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় এবং সঙ্গে একটি চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা রয়েছে, 'সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।'
হঠাৎ এমন ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় তারা সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এই কাজ করেছে,তা বুঝতে পারছেন না তারা। ভুক্তভোগি পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া সহ তাদের নিরাপত্তা চেয়েছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ এমন চিরকুট ও কাফনের কাপড় পাঠানো কোন সাধারণ হুমকি নয়। এমন হুমকিমূলক চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় গ্রামের মানুষ সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার দ্রুত সমাধান চান তারা।
এ বিষয়ে নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নূরে আলম জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলর পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর সকল মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ পাশে রয়েছে।