জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন-  জেলার পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা এলাকার এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন ও অজ্ঞাতপরিচয় এক নারী।

আহতরা হলেন- একই উপজেলার  বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম  থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন আরও ৩ নারী যাত্রী।’  

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলেও জানান ওসি।’