রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ট্রেন চলাচল শুরু

হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে।

এর আগে, এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় তারা। এতে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটিই সুমনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিকে সাময়িক বরখাস্ত করলেও সেটিকে অপর্যাপ্ত বলে দাবি করে আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানায়। দাবিগুলো হলো–অভিযুক্ত টিটিইকে সশরীরে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সকল দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।