রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট

রোপা আমন চাষের মৌসুম রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। এদিকে খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা বেশি দামে।

রাজশাহীর মাঠজুড়ে এখন রোপা আমন চাষের ব্যস্ততা কৃষকের। কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা তুলছেন বীজতলা থেকে চারা। তবে আমন চাষের এই গুরুত্বপূর্ণ সময়ে সার নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে প্রয়োজনীয় সার নেই। বাধ্য হয়ে প্রতি বস্তায় ২০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে খোলা বাজার থেকে। তাই এ মৌসুমে ধানের ফলন নিয়ে শঙ্কা রয়ে গেছে। 

রাজশাহীর ডিলার মো. আব্দুল হক বলেন, ‘ডিএপি, টিএসপি ও এমওপি সারের সরবরাহ, চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, ‘কিছু ক্ষেত্রে দেরিতে সরবরাহ হলেও, সারের সংকট নেই।’

রাজশাহী অঞ্চলে এ মৌসুমে ৪ লাখ ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত রোপণ হয়েছে ২ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে।