নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ছয়জন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
বুধবার দুপুরে বিআরটিসি কাউন্টারের শ্রমিক–কর্মচারীদের সঙ্গে গোল্ডেন লাইন বাস, পাবনা এক্সপ্রেস বাস ও নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক–কর্মচারীদের এ সংঘর্ষ হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাসের যাত্রী ওঠানামানোকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টার ও স্থানীয় বাস কাউন্টারের কর্মচারী ও শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে আজ বুধবার দুপুরে বিআরটিসি কাউন্টারের শ্রমিক–কর্মচারীদের সঙ্গে গোল্ডেন লাইন বাস, পাবনা এক্সপ্রেস বাস ও নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক–কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। এ সময় বাইপাস মোড়ের চায়ের স্টলের চেয়ার, বেঞ্চ ও পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।