সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের মানুষের সুপেয় পানি পান এবং গৃহকম ও ওজু–গোসলের জন্য পুকুর খননের ব্যবস্থা করছি। একই সাথে এই জনপদসহ বিভিন্ন স্থানে গাছ লাগানো হচ্ছে।’
শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনপদের মৌলিক সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোনো জনপদ পিছিয়ে থাকবে না এবং সুষম উন্নয়ন করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মুরশিদা খাতুনসহ অন্যরা।
এর আগে পানিহারা গ্রামের ভোলা পুকুরপাড়ে গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরে পানিহারা গ্রামে জাবঠাপাড়া ‘টেকসই জ্বালানি ও জলবায়ুসহিঞ্চু বায়োগ্যাস প্লান্ট’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।