পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথা পাড়া এলাকার আনোয়ার হোসেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার আনোয়ার ও স্বপ্না দম্পতির ছেলের বিয়ে হওয়ার কথা রয়েছে। ছেলের বিয়ের বাজার করে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। পথিমধ্যে আলহাজ্ব মোড় এলাকায় গিয়ে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করেন। এসময় বিপরীত দিক থেকে আরেকটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে ওই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ওই দম্পতি সড়কে ছিটকে পড়েন। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস সদস্যরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আটককৃত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক বা হেলপার পালিয়েছে।