ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন। বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
নিহতরা হলেন–পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গোরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী পটুয়াখালী যাচ্ছিলেন। ভাঙ্গা উপজেলার বাবনাতলা নিকট পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের সাথে মুখোমখি ধাক্কা লেগে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি নিয়ে আধা কিলোমিটার দূরে চলে আসে বাসটি। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



