নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা মারা যান। রহিমা বেগম নাটোর পৌর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, বৃদ্ধা রহিমা বেগম বয়সের কারণে চোখে অনেকটা কম দেখতে পান। দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশে খেজুরের ডাল কাটতে যান। কাটার সময় একটি ডালে থাকা ভীমরুলের চাক দেখতে পাননি। সেই ডালটি কাটতে গেলে ভীমরুলের চাক থেকে অনেক ভীমরুল বের হয়ে তাকে ঘিরে ধরে সারা শরীরে হুল ফোটায়। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রহিমা বেগমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বৃদ্ধা রহিমা বেগমের মৃত্যু তথ্যটি নিশ্চিত করেছেন।
যে ধরনের পোকামাকড় হুলের মাধ্যমে বিষ ছড়ায়, সেগুলোর মধ্যে ভিমরুলের বিষের শক্তি সর্বাপেক্ষা বেশি। এগুলোর বিষে অ্যাসিটাইলকোলিনসহ বিষাক্ত কিছু পদার্থের মিশ্রণ থাকে। অনেকগুলো ভিমরুলের আক্রমণ প্রাণঘাতী হতে পারে।