নাটোরে হত্যাচেষ্টা মামলায় যুবদল-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলো—​বাঁশিলা গ্রামের মৃত জমসেদ খানের ছেলে ও নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, একই এলাকার মাসুদের ছেলে ও  ছাত্রদল কর্মী  শাকিল হোসেন এবং সেন্টুর ছেলে ছাত্রদল কর্মী হিমেল। 

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধার পর অটোরিকশা যোগে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় যায় আক্তার হোসেন। এ সময় নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অটোরিকশা থেকে নামিয়ে নেয় হামলাকারীরা। পরে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। 

হামলাকারীদের ​আঘাতে আক্তার হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এদিকে, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত আক্তার হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা ​থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী আক্তার হোসেনের বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।