সিরাজগঞ্জে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। উদ্ধার করা অস্ত্রের মধ্যে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

বুধবার দুপুরে এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া পিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক আতিকুর রহমান মিয়া জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযান ও এর বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাটালিয়নটির অধিনায়ক।