মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের মৃত কামাল হোসেন ও কুলসুম বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগরের বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তার কাছে নিয়মিত যাতায়াত ছিল হৃদয়ের। তিন-চার দিন আগে তিনি সেখানে আসেন।
বুধবার সকালে মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করেন। পরে বিষয়টি টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।
নিহত হদয়ের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশকে জানান, হৃদয় সাঁতার জানতেন না।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


