সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না, নাটোরে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে নাটোরের লালপুরের মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম।। 

এ সময় তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ বিভিন্ন প্রতারণা করে আসছিল গ্রেপ্তার ব্যক্তিরা। অভিযোগের প্রেক্ষিতে লালপুর থানা পুলিশের একটি দল লালপুর থানার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের পলাশ আহমেদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে টিনসেড বাড়ির একটি ঘরের ভেতর তল্লাশি চলাকালে সিলিংয়ের উপরে লুকিয়ে থাকা অবস্থায় মারুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য একটি ঘর থেকে ইমন ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।