নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় উঠে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে উপজেলার বাঁশিলা মাদ্রাসা প্রাঙ্গণের একটি বটগাছ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে কিশোর আলহাজকে তার নানা-নানির কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোস্তফা আলী জানান, আলহাজ নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার রাসেল আহমেদের ছেলে। সে তার নানা-নানির সঙ্গে থাকত। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে খুঁজে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাঁশিলা মাদ্রাসার একটি বটগাছের মাথায় উঠে বসে আছে সে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটের প্রলোভন দেখিয়ে কিশোরকে নামানোর চেষ্টা করা হয়। এতে কাজ না হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা গাছে উঠে নিরাপদে তাকে উদ্ধার করেন।
পরে কিশোরকে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেওয়া হয়।