বিতরণের সময় হট্টগোল

পাবনায় ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ 

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
‎
স্থানীয়রা জানায়, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল।

এ সময় সার নিতে আসা কৃষক–জনতার মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যায়। 

পরে হিসাব করে জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে বিতরণ করা হয় ১৭০ বস্তা। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা এবং সার লুট হয়েছে ৬১১ বস্তা।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।