জয়পুরহাটে কার্যক্রম নিষিদ্ধি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৯  

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে আবু হাসনাত হিমেলকে (৩৩) নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবু হাসনাত হিমেল ওই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, গত ১১ নভেম্বর আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।