চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন ও তাদের মেয়ে লিমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

ওসি মতিউর রহমান বলেন, সকালে নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলছিলেন মিলি খাতুন। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।