পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর পূর্বটেংরি গ্রামের শিপন খানের ছেলে সিজান খান (২২), শেরপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামাণিকের ছেলে মো. মাহিম (২৫), শেরপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭) এবং রবিউল ইসলামের ছেলে মো. রিসাদ (২৬)। ঘটনার পরপরই স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বিএনপি'র নেতারা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে দলের নেতা–কর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বেঁধে একদল লোক হামলা ও গুলি চালায়।
ঘটনার বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তাঁদের ওপর গুলি চালানো হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।