১৫ আগস্ট নিয়ে বিতর্কিত স্ট্যাটাস, সাবেক শিবির নেতাকে ছাত্রলীগের মারধর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কলেজ গেটে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই ব্যক্তির নাম সোহেল রানা। তিনি ভোলাহাট উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

সোহেল রানার স্বজনেরা জানান, ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা সোহেল রানাকে মারধর করেন। এলোপাতারি মারধর ও লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে গেছে। শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ফেসবুকে সোহেল রানা ১৫ আগস্টকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসে আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্মীরা তাঁকে মারধর করেছে। এমন স্ট্যাটাস দিয়ে সোহেল রানা গর্হিত কাজ করেছেন বলে জানান তিনি।
 
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে ঘটনা শুনেছেন বলে জানান ওসি।