নাটোরের লালপুরের একটি ধর্ষণচেষ্টা মামলায় আ. রহমান এবং হাসমত আলী নামের দুজনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদলত। এ ছাড়া উভয়কে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার মামলার বাদী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত তাঁকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ খেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী চিৎকার করলে লোকজন তাকে উদ্ধার করতে এলে রহমান এবং হাসমত পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন।
দীঘ ১৬ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।