নাটোরের সিংড়ায় অবৈধভাবে পেতে রাখা বানার বাঁধ থেকে মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে আলিফ হোসেন (৬) ও এলামুল হক (৮) নামের দুই শিশুকে নৌকায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ইয়াকুব আলী স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
শনিবার (২৬ আগস্ট) উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর বিলে এই ঘটনা ঘটে। সোমবার (২৮ আগস্ট) ইয়াকুব আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার এক শিশুর বাবা।
শিশু আলিফ হোসেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও গার্মেন্টকর্মী আতোয়ার আলীর ছেলে। অপর শিশু এলামুল হক ওই গ্রামের নাসির হোসেনের বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়র ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এলাকাবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইয়াকুব আলী সারদানগর বিলে অবৈধ ভাবে বানার বাঁধ পেতে মাছ শিকার করে। গত শনিবার দুপুরে তাঁর বাঁধ থেকে মাছ চুরির অপবাদ দিয়ে শিশু দুটিকে নৌকায় তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে ছেড়ে দেয়। পরে শিশুরা বাড়িতে এসে অভিভাবকদের জানালে তাঁরা হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের বিচার দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে শিশুদের গ্রামছাড়া করার হুমকি দেয় অভিযুক্ত। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুদেরকে মারধরের সত্যতা পায়।
‘এ ঘটনায় আজ সোমবার ইয়াকুব আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ইয়াকুব আলী পলাতক।’ যোগ করেন ওসি।