একজন চিকিৎসক দিয়ে চলছে খানসামা হাসপাতাল

মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে দিনাজপুরের খানসামা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। উদ্বোধনের তিন বছরেও মেলেনি পর্যাপ্ত জনবল। কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। পর্যাপ্ত জনবল নিয়োগের পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ১৫ নভেম্বর খানসামায় ২০ শয্যার এ হাসপাতালের উদ্বোধন হয়। এখানে একজন আবাসিক চিকিৎসক ও একজন সহকারী সার্জনসহ ৬ জন চিকিৎসক, ৬ জন নার্স এবং অন্যান্য পদে আরও ১১ জন জনবল থাকার কথা। কিন্তু সেখানে বর্তমানে রয়েছেন একজন চিকিৎসক, দুজন নার্স ও একজন আয়া। জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

রোগী তাদের স্বজনেরা জানান, জনবল সংকটের কারণে হাসপাতলে বেলা ২টার পর রোগী দেখা হয় না। এমনকি হাসপাতলটিতে কোনো পরীক্ষা-নিরীক্ষা করাও সম্ভব হয় না।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন, প্রয়োজনীয় জনবলের জন্য উপর মহলে চারবার চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক দিয়ে কাজ চালানো হচ্ছে। প্রয়োজনীয় জনবল দিলে আশপাশের অনেক এলাকার রোগীরা উপকৃত হবে।

খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী লায়ন বলেন, হাসপাতালে চিকিৎসক দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জনবল সমস্যার সমাধান হবে।