আন্তঃ জেলা চোর চক্রের সদস্য মন্তাজ আলীকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। তাকে গ্রেপ্তার করতে রোগী সেজে হাসপাতালে যান পুলিশ সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্তাজ আলীর নামে ২৩টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গ্রেপ্তার মন্তাজ আলী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মন্তাজ আলী মোট ২৩টি মামলার আসামি। গত ১৭ জানুয়ারী ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় রাতে চারটি গরু চুরি করে পিকআপ ব্যাবহার করে রংপুরে নিয়ে যায় মন্তাজ আলীসহ চোর চক্রের অন্য সদস্যরা। এই ঘটনায় জড়িত চোরাই গরু ক্রেতা আবু বক্করকেও গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী জানান, গত ১৭ জানুয়ারী উপজেলার ধরনীগঞ্জ এলাকায় চুরির ঘটনায় তদন্তে মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
ওসি আরও জানান, আসামিদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।