রংপুরের মিঠাপুকুরের শালটি গোপালপুরে পরিত্যক্ত কুয়ায় পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তাঁর ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির পরিত্যক্ত কুয়ার ওপর মই রেখে শাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে গিয়ে পরিত্যক্ত কুয়ায় নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া কুয়ায় নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়েন।
এর পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুয়া থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুয়ার ভিতরে গ্যাস জমে থাকায় তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে শোকের মাতম চলছে।