গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।
পোশাক শ্রমিক মৃত্যু নিয়ে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে তৌফিক বাংলাবাজার এলাকায় থেকে কারখানায় চাকরি করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণের চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। গুরুতর আহত তৌফিককে সহকর্মী শ্রমিকেরা উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ নামের এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে পুলিশ, আনসার, এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।


