বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৬, আহত ২৮

দিনাজপুরে যাত্রীবাহী পরিবহন নাবিল এন্টারপ্রাইজের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৮ জন। আজ শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর মহাসড়কের পাঁচবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চিরিরবন্দরের কোচনা এলাকার মো. মমিনুরের সন্তান জায়না (৫ মাস), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে আলী, দিনাজপুরের বোচাগঞ্জ থানার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), পীরগঞ্জের মৃত মুরার ছেলে হাসু ও বোচাগঞ্জের জাহিদের সন্তান বিভা (১০)। আরেকজনের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।

কোতোয়ালি থানা দিনাজপুরের উপ-পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলামের ভাষ্য, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাস পাঁচবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসচালকের সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মো. রেজওয়ানুল ইসলাম জানান, হাসপাতালে আসার পর এক শিশুসহ আরও চার জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় এবং তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৫ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, চালকেরা বেপরোয়া গতিতে এবং চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।