পঞ্চগড়ে পৃথক স্থানে পুকুরে ডুবে ২ জনের মৃত্যু

পঞ্চগড়ে পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ও দুপুরের দিকে সদর উপজেলা ও বোদা উপজেলায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলো, পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা (৭৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম তার দুই বন্ধুসহ সদর উপজেলা পরিষদের একটি পুকুরে গোসল করতে নামে। ৩ জনের কেউ সাঁতার না জানলেও এর আগে তারা পুকুরের পাড় ঘেঁষে অল্প পানিতে গোসল করত। তবে রোববার গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে যেতে শুরু করে। এ সময় দুই বন্ধু উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ভোরের দিকে বোদা উপজেলায় কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা নামে এক বৃদ্ধা অসাবধানতাবশত বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সেই পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাঁকেও উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পঞ্চগড় সদর থানা-পুলিশের পরিদর্শক রঞ্জু আহম্মেদ এবং বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পুকুরের পানিতে পড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।