ভূমি দখল ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে জেল গেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আলদালতে তাঁকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।
আদালতে পুলিশ ওই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে এবং আসামি পক্ষ জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগষ্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণ নাশের হুমকি দেয় এবং বাদিকে বেধরক মারধর করে। এঘটনায় গত ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করে।
উল্লেখ্য, মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওইদিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা দায়ের হয়েছে সাবেক এমপি সুজনের নাম।