পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে গতকাল রোববার গভীর রাতে তাদের আটক করা হয়।
আজ সোমবার দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তাঁর স্ত্রী খুশি রায় (২৩) ও ৩ বছরের ছেলে, কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তাঁর স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তাঁদের ১০ বছরের ছেলে ও মেয়ে এবং পঞ্চগড়ে বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।
বিজিবি জানায়, বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা। আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।