নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে এবং শিশুটি আঘাত পায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে রফিকুলকে আটক করেন। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ রফিকুল ইসলামকে আটক করে থানায় নেয়।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহী বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।