পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকাল থেকেই বন্দর অভ্যন্তরে চলছে পণ্য ওঠা-নামা ও খালাসের কাজ।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ হতে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ রোববার ছুটি শেষ হওয়ায় সকাল সাড়ে ১১টা থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
শাহিনুর ইসলাম আরও জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য কিছুটা ফিরতে শুরু করেছে, তবে বন্দরটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।