ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী চারজনকে আটক করে।
আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিনজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)।
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আমরা এরইমধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকেলে বিএসএফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’
লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।